Cooch Behar News: প্রাচীণ ঐতিহ্য মেনে সম্পন্ন হল মদন কাম পুজো! কেন হয় এই পুজো জানেন?
ডেইলি লাইফ ২৪ নিউজ কোচবিহার ব্যুরো: রাজ আমলের প্রাচীন রীতি-প্রথা ও ঐতিহ্য মেনে মদনমোহন বাড়িতে করা হল মদন কাম পুজো। রীতি অনুসারে, এই পুজোতে ভুল করে মদনমোহন দেব গাঁজা ও ভাং খেয়ে ফেলেন। সেই কারণে আগামীকাল সন্ধ্যায় তাঁকে প্রায়শ্চিত্ত করতে হবে। এজন্য বানেশ্বর, ষান্ডেশ্বর এবং গুঞ্জবাড়ি থেকে বিগ্রহ আসবে মদনমোহন বাড়ি মন্দিরে। সেখান থেকে মদনমোহন তাঁদেরকে সাক্ষী রেখে সাগরদিঘিতে যাবেন নৌকাবিহার করতে।
মন্দিরের পুরোহিত শিবকুমার চক্রবর্তী জানান, "দ্বাদশীতে কাঠামিয়া মন্দিরের সামনে কয়েকটি বাঁশে কাপড় পরানো হয়। এরপর চতুর্দশীর দিন সকালে পুজো করা হয় মদনমোহন মন্দিরে। বিশেষ এই পুজোর পুরোহিত থাকেন খগপতী মিশ্র। তারপর সন্ধ্যে বেলায় হয় সন্ধ্যে আরতি। মঙ্গলবার বিশেষ পুজোর পর পূর্ণিমার সন্ধ্যায় সাগরদিঘিতে নৌকাবিহার করেন মদনমোহন দেব।"
কোচবিহার দেবোত্তর ট্রাস্ট বোর্ডের সম্পাদক কৃষ্ণগোপাল ধারা জানান, "এদিন মদনকাম পুজো দেখতে অনেক মানুষ মদনমোহন বাড়িতে ভিড় করেন। রাজ আমল থেকেই এই নিয়ম মেনে পুজো হয়ে আসছে মন্দিরে। আগামীকাল মদনমোহন দেব যাবেন সাগরদিঘিতে নৌকাবিহারে।" রাজ আমলের ঐতিহ্যবাহী মন্দিরের এই রীতি আজও বহু মানুষকে আকর্ষণ করে।