Dinhata News: নির্বাচনের রেশ না কাটতেই রাজনৈতিক হিংসা শুরু! আতঙ্ক এলাকায়…

ডেইলি লাইফ ২৪ নিউজ দিনহাটা ব্যুরো: দিনহাটা: প্রথম দফার নির্বাচনের রেশ কাটেনি এখনও। তবে ইতিমধ্যেই রাজনৈতিক হিংসার ছবি দেখা দিতে শুরু করেছে জেলা কোচবিহারে। কোচবিহারের দিনহাটা মহকুমা বারংবার উত্তপ্ত হয়ে ওঠে রাজনৈতিক হিংসার কারণে। এবার শুক্রবার গভীর রাতে দিনহাটার সাহেবগঞ্জ এলাকার কিশামত দশগ্রামের টিয়াদহে তৃণমূল কর্মী সুকুমার মালির বাড়িতে ভাঙচুর চালানো হয়। ধারালো অস্ত্রের আঘাতে জখম হন ওই তৃণমূল কর্মীর বাবা নিবারণ মালি। গোটা ঘটনায় অভিযোগ আঙুল উঠছে বিজেপির বিরুদ্ধে।

 জনৈক ওই তৃণমূল কংগ্রেস কর্মীর স্ত্রী হেমা মালি অভিযোগ করে জানান, "গতকাল গভীর রাতে বাড়িতে ছেলে ও মেয়েকে নিয়ে একা ছিলেন তিনি। তাঁর স্বামী বাড়িতে ছিলেন না। সেইসময় বাড়ির টিনের চালে ক্রমাগত ঢিল ছোড়া শুরু হয়। ভয়ে কোন মতন বাড়ির পাশে থাকা আত্মীয়র বাড়িতে চলে যান হেমা। সেইসময় তাঁর বাড়িতে ভাঙচুর চালানো হয়। ভাঙচুরের সময় তাঁর শ্বশুর এগিয়ে যেতেই তাঁকেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। তিনি বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন। ঘরে থাকা সোনার গয়না ও টাকাও লুঠপাট করা হয়েছে।

এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের কিশামত দশগ্রাম অঞ্চল সভাপতি জগদীশচন্দ্র রায় জানান, "বিজেপি (BJP) ওখানে হারবে বলেই তৃণমূল কর্মীকে টার্গেট করেছে। দলীয় নেতৃত্ব এলাকায় যাবেন ও তৃণমুল কর্মী ও তাঁর পরিবারের সঙ্গে দেখা করবেন।" যদিও বিজেপি নেতারা অভিযোগ অস্বীকার করে বলেন, "তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরেই এই ঘটনা ঘটেছে।" তবে গভীর রাতেই ঘটনাস্থালে পৌঁছায় সাহেবগঞ্জ থানার পুলিশ। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে পুলিশের পক্ষ থেকে।