Lok Shabha Election 2024: নির্বাচনের সময় উদয়ন গুহকে গৃহবন্দি রাখার আর্জি! কমিশনের দ্বারস্থ নিশীথ

ডেইলি লাইফ ২৪ নিউজ কোচবিহার ব্যুরো: রাজ্যের কোচবিহারের দিনহাটা মহকুমার বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। বারংবার নিজেকে দাপুটে নেতা হিসেবে প্রমাণ করেছেন তিনি। লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার পরেও তিনি বিতর্কে জড়িয়েছেন। নিশীথ প্রামাণিক ও উদয়ন গুহর সংঘাত যেন পিছু ছাড়ছে না কোচবিহারের। তাই ভোটের সময় যেন উদয়ন নিজের বুথ এলাকার বাইরে বেরোতে না পারেন। নির্বাচন কমিশনের কাছে তাঁকে গৃহবন্দি রাখার আর্জি জানালেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতি-মন্ত্রী তথা কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক।

নিশীথ প্রামাণিকের অভিযোগ, "উদয়ন গুহর নেতৃত্বে বারবার কোচবিহারে বিজেপি কর্মীদের উপর হামলা হয়েছে। ভোটের দিনও একই রকম ভাবে সন্ত্রাস হতে পারে। সেই আশঙ্কাতেই উদয়ন গুহ যাতে তাঁর বুথের বাইরে বের হতে না পারেন। সেটা সুনিশ্চিত করার জন্য নির্বাচন কমিশনে আর্জি জানান তিনি।"

যদিও বিষয়টি নিয়ে তীব্র কটাক্ষ করেছেন উদয়ন। তিনি পাল্টা জানিয়েছেন, "নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার হতে চাইছেন নিশীথ। তবে মানুষের পাশে থেকে সবসময় কাজ করেন তিনি নিজে। মানুষও তাঁকে চায়। তাই ভয় পেয়েছেন নিশীথ প্রামাণিক। এসব করে কোনও লাভ হবে না। মানুষের অধিকার মানুষই বুঝে নেবেন।" নিশীথ প্রামাণিকের সঙ্গে উদয়ন গুহর সংঘাত নতুন নয়। ভোটের আগে সেটার মধ্যে কিছুটা বিতর্ক জুড়ে দেওয়া হল বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।