Lok Shabha Election 2024: প্রার্থীর হলফনামায় ভুল তথ্য জগদীশের! মিহির গোস্বামীর দাবিতে শুরু রাজনৈতিক চাপানউতোর


ডেইলি লাইফ ২৪ নিউজ কোচবিহার ব্যুরো: হলফনামায় স্ত্রীকে নিয়ে ভুল তথ্য দেওয়ার অভিযোগ। তৃণমূল প্রার্থী জগদীশচন্দ্র বর্মা বসুনিয়ার মনোনয়ন বাতিলের দাবিতে নির্বাচন কমিশনকে চিঠি দিলেন বিজেপি নেতা অজয় রায়। বুধবার এক সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন বিজেপি বিধায়ক মিহির গোস্বামী।

পাল্টা কটাক্ষ করে তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি অভিজিত দে ভৌমিক জানান, "মনোনয়ন জমা পড়েছে প্রায় ১৫ দিন আগে, এতদিন কি বিজেপি নেতারা চোখ বন্ধ করেছিলেন? অভিযোগ করার হলে তখন করেননি কেন? নিজেদের পায়ের তলার মাটি নেই বলেই হয়তো তাঁরা উল্টোপাল্টা দাবি করছেন।"

বিজেপির দাবি, "জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া তাঁর হলফনামায় জানিয়েছেন তাঁর স্ত্রীর নাম শুকতারা বর্মা বসুনিয়া। অপরদিকে, সিতাই পঞ্চায়েত সমিতির সভাপতি সংগীতা রায় বসুনিয়া তাঁর হলফনামায় জানিয়েছেন। তাঁর স্বামী জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া।" আবার নির্বাচন কমিশনের কাছে উদয়ন গুহকে গৃহবন্দি করার আর্জি জানিয়েছেন কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক।

কমিশনকে দেওয়া চিঠিতে নিশীথ লিখেছেন, ‘আপনারা জানেন যে উদয়ন গুহই যাবতীয় গুন্ডামির মূল। নির্বাচনের আদর্শ আচরণবিধি চালু থাকা সত্ত্বেও প্রশাসনের অনুমতিক্রমে করা র‌্যালিতেই তাঁকে দু’বার আক্রমণ করা হয়েছে। এছাড়াও ২০২১ সালের বিধানসভা ভোটের পর অশান্তির প্রসঙ্গ উদাহরণ হিসাবে তুলে ধরেছেন নিশীথ প্রামাণিক।"

নিশীথ প্রামাণিকের সঙ্গে উদয়ন গুহর সংঘাত নতুন নয়। এই ঘটনা আরও একবার উদাহরণ হয়ে থাকলো ২০২৪ লোকসভা নির্বাচনের ক্ষেত্রে। বারংবার এই দুই হেভি ওয়েট নেতার সংঘাতে উত্তপ্ত হয়েছে জেলা কোচবিহার। এবার নির্বাচনের মুখে আবারো সেই একই বিষয়ে রাজনৈতিক পারদ আরও উসকে দিল।