Lok Shabha Election 2024: তৃণমূলের প্রচারের গাড়িতে হামলার অভিযোগ! তীব্র চাঞ্চল্য নিশীথ গড়ে…
ডেইলি লাইফ ২৪ নিউজ কোচবিহার ব্যুরো: লোকসভা নির্বাচনের প্রথম দফার আর মাত্র কিছুটা সময় বাকি। সেই মর্মেই প্রস্তুতি সারছে নির্বাচন কমিশন। আর এই শেষ মুহূর্তের ভোট প্রচারের দিনে ঘটল বিপত্তি। তৃণমূল কংগ্রেসের প্রচারের সময় গাড়িতে হামলার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। গাড়ি ভাঙচুরের পাশাপাশি একজন তৃণমূল কর্মী সমর্থককে আক্রান্ত করা হয়। এই অভিযোগ তুলে এবার সরব হয়েছে ঘাসফুল শিবির। বুধবার এই ঘটনায় বিকেল থেকে উত্তেজনা ছড়ায় ভেটাগুড়ির রুইয়ের কুঠি এলাকায়।
এদিকে ঘটনায় দোষীদের গ্রেপ্তারের দাবিতে এবং সুষ্ঠু নির্বাচনের দাবি তুলে সরব ঘাসফুল শিবির। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এদিন দিনহাটা থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শণ করা হয়। তবে ঘটনায় এখনও পর্যন্ত কোনও প্রকার অভিযোগ দায়ের করা হয়নি দলীয় ভাবে। যদিও এ বিষয়ে দলীয়ভাবে জেলার কোনো নেতা মুখ খুলতে চাননি। তবে জেলা রাজনৈতিক পারদ যে ক্রমশ চড়ছে তা কিন্তু নিশ্চিত। প্রথম দফার ভোটে কোচবিহার লোকসভা কেন্দ্রে যে আশঙ্কা নির্বাচন কমিশন করছিল। এবার কি সেটা সত্যি হবার পালা এমনটাই প্রশ্ন উঠছে চারিদিকে।
তবে এই বিষয়ে অধিকাংশ বিজেপি নেতৃত্বের দাবি, "তৃণমূল কংগ্রেসের তোলা সকল অভিযোগ একেবারেই মিথ্যে। উল্টে গোষ্ঠী কোন্দলের জেরেই তৃণমূলের লোকজন তাঁদের ওপর আক্রমণ করেছে। নির্বাচনের সময় ঘনিয়ে আসতেই গোষ্ঠী কোন্দল আরো প্রকাশ্য হচ্ছে তৃণমূল কংগ্রেসের।" তবে ভোটের মুখে এই ধরনের হিংসার ঘটনায় রাজ্য রাজনীতি বর্তমান সময়ে সরগরম হয়ে রয়েছে।