News Update: পাটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড! মুহূর্তে পুড়ে ছাই লক্ষাধিক টাকার কাঁচামাল…

প্রতিকী ছবি (ছবি সৌজন্য - ইন্টারনেট)

ডেইলি লাইফ ২৪ নিউজ মেখলীগঞ্জ ব্যুরো: আচমকাই ভয়াবহ অগ্নিকাণ্ড। আর এই অগ্নিকাণ্ডের ঘটনায় মুর্হুতে ভস্মীভূত হয়ে গেল একটি পাটের গুদাম। এছাড়াও ভস্মীভূত হয়েছে পাটের গুদামের পাশে থাকা একটি বাড়িও। ঘটনাটি ঘটেছে মেখলিগঞ্জ পুরসভার ৬ নং ওয়ার্ডে। এই ঘটনায় মুহূর্তে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এই অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতির পরিমান লক্ষাধিক টাকার বেশি বলে জানা গিয়েছে।

পাটের গুদামের মালিক জানান, "তিনি বাজারে থাকাকালীন আগুন লাগার খবর পান। ছুটে এসে দেখেন তাঁর ঘর ও ঘর সংলগ্ন পাটের গুদামে দাউদাউ করে আগুন জ্বলছে। গুদামে প্রায় এক হাজার মণ পাট ছিল।" অপরদিকে পাটের গুদামের মালিকের বৃদ্ধা মা সাধনা বিশ্বাস জানান, "তিনি ঘরে ঢোকার সময় দেখতে পাটের গুদামে আগুন জ্বলছে। আগুন দেখে তিনি এই মুহূর্তে আতঙ্কিত হয়ে পড়েন।"

মেখলিগঞ্জ দমকল কেন্দ্রের অফিসার ইনচার্জ অ্যান্টোনি সাহা জানান, “দমকলের দুটি ইঞ্জিন দিয়ে আগুন নেভানো হয়েছে। বেশ কিছুক্ষণের প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়। তবে কি কারণে এই ঘটনা ঘটেছে, সেই বিষয়ে স্পষ্ট কিছু বোঝা যাচ্ছে না।" তবে অগ্নিকাণ্ডের জেরে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর মাথায় হাত পড়েছে। লক্ষাধিক টাকার কাঁচামাল খুইয়ে চিন্তায় পড়েছেন তিনি।