Tufanganj News: আচমকাই রাতে শিশু পুত্রকে নিয়ে নিখোঁজ মা! যা ঘটল তারপর…


ডেইলি লাইফ ২৪ নিউজ তুফানগঞ্জ ব্যুরো: আচমকাই ছেলেকে নিয়ে রাতের বেলায় বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ। সারারাত তল্লাশির খুঁজে পাওয়া যায়নি তাঁদের। তারপর সকালে বাড়ির কিছুটা দূরেই রায়ডাক নদীর ধার থেকে স্থানীয়রা জীবিত উদ্ধার করে মাকে। তবুও ছেলের সন্ধান এখনও পর্যন্ত মেলেনি। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ ১ নং নাককাটিগছ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কামাত ফুলবাড়ির কুটিপাড়া এলাকায়। এই ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

নিখোঁজ গৃহবধূর স্বামী দেবজিত দাস জানান, "স্ত্রীর সঙ্গে পরিবারের সম্পর্ক বরাবরই ভালো। তবে শুক্রবার রাত সাড়ে ৯টা নাগাদ সে  একমাত্র শিশু পুত্রকে নিয়ে ঘর ছেড়ে আচমকাই নিরুদ্দেশ হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর মা ও শিশুর দেখা না পেয়ে হতাশ হয়ে বাড়ি ফেরেন তিনি। পরবর্তীতে এই নিয়ে তুফানগঞ্জ থানায় মিসিং ডায়েরি করা হয়। তারপর শনিবার ভোর ৫টা নাগাদ ওই গৃহবধূকে নদীর পারে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। সেখান থেকেই তাঁকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসা হয়। এরপর পরিবারের সকলে শিশুর সন্ধান জানতে চাইলে মা নিরুত্তর থাকেন। এদিকে শিশুটির খোঁজে রায়ডাক নদীতে চিরুনি তল্লাশি শুরু করেন স্থানীয়রা। দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়েও শিশুর হদিশ পাওয়া যায় নি। ফলত গোটা বিষয় ঘিরে এলাকাবাসীর মধ্যে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।

তুফানগঞ্জ থানার পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরাও নদীতে নেমে টানা তল্লাশি চালায়। তবে এপর্যন্ত খোজ পাওয়া যায়নি শিশুটির। তুফানগঞ্জ থানা সূত্রে জানা গিয়েছে, "জিজ্ঞাসাবাদের জন্য শিশুর মাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। ইতিমধ্যেই গোটা বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।" তবে সাধারণ মানুষের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গোটা এলাকায়