News Update: কোচবিহার পুরসভার বিরুদ্ধে ক্ষুব্ধ ব্যবসায়ী সমিতি! নেওয়া হল কড়া পদক্ষেপ


ডেইলি লাইফ ২৪ নিউজ কোচবিহার ব্যুরো: এবার কোচবিহারের পুরসভার বিরুদ্ধে সরব হলেন ব্যবসায়ী সমিতি। কোচবিহার পুরসভার বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ জানিয়ে রীতিমত ক্ষোভ উগরে দেন তাঁরা। এই কারণেই তাঁরা ১৭ মে শুক্রবার কোচবিহার শহরে ২৪ ঘণ্টার ব্যবসা বনধের সিধান্ত ঘোষণা করেন। এই বিষয় নিয়ে রবিবার সমিতির পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করা হয় তাঁদের কার্যালয়ে। 

ব্যবসায়ী সমিতির সভাপতি মতিলাল জৈন জানান, "তাঁরা পুরসভাকে তাঁদের সমস্যা সমাধানে স্মারকলিপি দিয়েছিলেন। তারপর অনেকটাই সময় অতিক্রম হয়ে গিয়েছে। কিন্তু পুরসভা কোনও সঠিক পদক্ষেপ নেয়নি। তাই তাঁরা এদিন সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসা বন্ধ রেখে আন্দোলনে নামবেন। এরপরেও যদি সমস্যা না মেটে তবে তাঁরা বৃহত্তর আন্দোলন শুরু করবেন।"

মূলত সাতটি দাবিকে সামনে রেখে এই ব্যবসা বনধের ডাক দিয়েছে শহর ব্যবসায়ী সমিতি। এগুলির মধ্যে পৌরসভার স্থলের নাম পরিবর্তন, নতুন নির্দেশিকা প্রত্যাহার, বাজার সংস্কার, বর্ধিত ট্রেড লাইসেন্স ফি কমানোর বিষয়গুলি উল্লেখ করা রয়েছে। তবে গোটা বিষয়টি নিয়ে কোচবিহার পুরসভার কোন মন্তব্য জানা যায়নি।