News Update: লোকালয়ে বাইসনের তান্ডব! শেষে ঘুমপাড়ানি গুলিতে কাবু হলো বাইসন


ডেইলি লাইফ ২৪ নিউজ মাথাভাঙা ব্যুরো: মাথাভাঙা ২ নং ব্লকের লোকালয়ে ফের বাইসন আতঙ্কে সাধারণ মানুষ। মঙ্গলবার উত্তর রামঠেঙ্গা নামাপাড়া এলাকায় চাষের জমিতে ঢুকে পড়ে একটি পূর্ণবয়স্ক বাইসন। বাইসনটিকে দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়ে স্থানীয় বাসিন্দারা। এলাকায় বাইসনের খবর চাউর হতেই বাইসন দেখতে ভিড় জমান উৎসুক বাসিন্দারা। খবর দেওয়া হয় বন দফতরের কাছে।

স্থানীয় বাসিন্দারা জানান, "স্থানীয় বাসিন্দাদের চিৎকার চেঁচামেচিতে বাইসনটি ভুট্টা ক্ষেতে আশ্রয় নেয়। বাইসনের তান্ডবে কেউ হতাহত হয়নি। তবে বাইসনের তান্ডবে চাষ ভুট্টা খেত সহ অনান্য ফসলের অনেকটাই ক্ষতি হয়েছে। বন দফতরের কর্মীরা দীর্ঘক্ষনের চেষ্টায় বাইসনটিকে ঘুমপাড়ানি গুলি করে কাবু করতে সক্ষম হয়। তারপর বাইসনটিকে গাড়িতে করে নিয়ে যান বন দফতরের কর্মীরা।"

কোচবিহারের সহ-বন অধিকর্তা বিজনকুমার নাথ জানান, "বাইসনটিকে ঘুমপাড়ানি গুলি করে কাবু করা হয়েছে। বাইসনটির প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হবে। পরবর্তীতে বাসইনটিকে সুস্থ করে পাতলাখাওয়া জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। সরকারি নিয়ম মেনে ক্ষতিগ্রস্থরা আবেদন করলে সহায়তা করা হবে ক্ষতিগ্রস্তদের।"