News Update: প্যাসেঞ্জার ট্রেনের স্টপেজ নেই আবুতারা স্টেশনে! স্টপেজের দাবিতে বিক্ষোভ নিত্যযাত্রী ও পড়ুয়াদের


ডেইলি লাইফ ২৪ নিউজ দিনহাটা ব্যুরো: প্যাসেঞ্জার ট্রেনের স্টপেজের দাবিতে বিক্ষোভ আবুতারা স্টেশনে। ঘটনায় এদিন মুহূর্তে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্টেশন চত্বরে। বামনহাট-শিলিগুড়ি জংশন ভায়া আলিপুরদুয়ার জংশন প্যাসেঞ্জার ট্রেনটির আবুতারা হল্ট স্টেশনে স্টপেজের দাবিতে অবস্থান বিক্ষোভ করে আবুতারা নাগরিক মঞ্চ। বুধাবার এই অবস্থান বিক্ষোভের পাশাপাশি রেল রোকো কর্মসূচির পরিকল্পনা ছিল। তবে রেলের কর্তৃপক্ষের পক্ষ থেকে সমস্যা সমাধানের আশ্বাস পাওয়ার পর স্টেশন চত্বরে জমায়েত ও বিক্ষোভ প্রদর্শন করেন নিত্যযাত্রী ও পড়ুয়ারা।

আবুতারা নাগরিক মঞ্চের এক সদস্য জানান, "একটা সময় আবুতারা স্টেশনে দাঁড়াত এই ট্রেনটি। কিশামত দশগ্রাম, গোবড়াছড়া নয়ারহাট, শুকারুর কুঠি সহ বিস্তীর্ণ এলাকার নিত্যযাত্রীরা ও পড়ুয়ারা উপকৃত হতেন এতে। কিন্তু, করোনার পর হঠাৎ করেই এই স্টেশনে বন্ধ করে দেওয়া হয় এই ট্রেনের স্টপেজ। একাধিকবার রেলের আলিপুরদুয়ার ডিভিশনের ডিআরএমকে চিঠি মারফত জানানো হলেও সমাধান হয়নি সমস্যার। তাই এবার রেল রোকো ও অবস্থান বিক্ষোভের পরিকল্পনা নেওয়া হয়েছিল। কর্মসূচি চলাকালীন রেলের উচ্চপদস্থ আধিকারিক নিজে বিষয়টি বিবেচনা করে দেখার আশ্বাস দিয়েছেন। তবে দাবি না মিটলে আবারও আন্দোলনে নামা হবে।"

বর্তমান সময়ে এই বিস্তীর্ণ এলাকার স্থানীয় মানুষদেরও পড়ুয়াদের অসুবিধা সম্মুখীন হতে হচ্ছে। তাই অসুবিধা যাতে দ্রুত সমাধান করা হয় সে বিষয়ে পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয়েছে রেল কর্তৃপক্ষকে।