Madhyamik Exam 2026: মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রে বাথরুমে যা করছিল পরীক্ষার্থী! ধরা পড়তেই তুমুল হইচই…


ডেইলি লাইফ ২৪ নিউজ দিনহাটা ব্যুরো:
মাধ্যমিক পরীক্ষার চতুর্থ দিন। আর এই চতুর্থ দিনেই সমস্যা তৈরি হল জেলা কোচবিহারের দিনহাটা মহকুমা এলাকায়। ঘটনার রেশ গড়াল এক মাধ্যমিক পরীক্ষার্থীর এই বছরের মতন পরীক্ষা বাতিল করা পর্যন্ত। ঘটনার সূত্রপাত হয় এদিন ভূগোল পরীক্ষাকে কেন্দ্র করে। অন্যান্য দিনের মতোই পরীক্ষা শুরু হয়েছিল। তবে পরীক্ষার মাঝেই ঘটল বিপত্তি। দিনহাটা ২ নং ব্লকে এক পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন সহ ধরা পড়ল এক পরীক্ষার্থী। সেটাও আবার মাধ্যমিক পরীক্ষা চলাকালীন সময়ে।

স্থানীয় সূত্রে জানতে পারা গিয়েছে, "পরীক্ষা চলাকালীন ওই পরীক্ষার্থীর আচরণে সন্দেহ হয় কর্তব্যরত ইনভিজিলেটরদের। এরপর গোটা বিষয়টি নজরে রেখে পর্যবেক্ষণ শুরু করেন ইনভিজিলেটরেরা। কিছুক্ষণ পরে ওই পরীক্ষার্থী বাথরুমে যাওয়ার অনুমতি নিয়ে বাথরুম যায়। তবে এক ইনভিজিলেটর সেই পরীক্ষার্থীর পিছু নেন। বাথরুমে পৌঁছতেই ইনভিজিলেটরের নজরে পড়ে পরীক্ষার্থীর কাছে রয়েছে একটি মোবাইল ফোন। ইনভিজিলেটরকে দেখে পরীক্ষার্থী মোবাইলটি বাথরুমের পিছনে ফেলে দেওয়ার চেষ্টা করে। তবে তাঁকে হাতেনাতে ধরে ফেলেন সেই ইনভিজিলেটর।"

আরোও জানা যায়, "এরপর সেই পরীক্ষাকেন্দ্রে পৌঁছান মাধ্যমিক পরীক্ষা ২০২৬-এর জেলা কনভেনার জয়ন্ত পাল। বিষয়টি তাঁর নজরে আনা হলে সঙ্গে সঙ্গে পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হয়। এই ঘটনা প্রসঙ্গে জেলা কনভেনার জয়ন্ত পাল জানান, "ঘটনার বিস্তারিত রিপোর্ট ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের কাছে পাঠানো হয়েছে। পরীক্ষার্থীর এই বছরের মতন পরীক্ষা বাতিল করা হয়েছে। পর্ষদ থেকে পরবর্তী আরোও সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এদিনের মতন অভিযুক্ত পরীক্ষার্থীকে তাঁর অভিভাবকের হাতে তুলে দেওয়া হয়েছে।" পরীক্ষার মাঝেই ঘটে যাওয়া এই ঘটনা বেশ কিছুটা উত্তেজনা তৈরি করে পরীক্ষা কেন্দ্রে।