News Update: প্রেমের জয়! প্রেমিকা তরুণী ফিরে পেলেন প্রেমিককে


ডেইলি লাইফ ২৪ নিউজ শীতলকুচি ব্যুরো: বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ধর্নায় বসেন এক তরুণী প্রেমিকা। অবশেষে জয় হয় প্রেমিকার। প্রেম ফিরে পেলেন জনৈকা ওই তরুণী। প্রায় একবছর আগে নগর লালবাজার গ্রামের এক তরুণের সঙ্গে প্রণয়ের সম্পর্কে জড়িয়ে পড়ে শালবাড়ি গ্রাম পঞ্চায়েতের এক তরুণী। তারপর এদিন তাঁকে বিয়ে প্রতিশ্রুতি দিয়ে উদ্যানে এনে ফেলে রেখে পালিয়ে যায় প্রেমিক। অবশেষে ধর্নায় বসে তরুণী। রীতিমত শোরগোল শুরু হয়েছিল শীতলকুচি এলাকায়। দীর্ঘ সময়ের ধর্না শেষে প্রেমিক ও প্রেমিকার বিয়ে দেওয়া হয়।

জনৈক ওই তরুণী জানান, "শনিবার দুজনে বাড়ি থেকে পালিয়ে বিয়ে করার সিদ্ধান্ত নেন। রবিবার বাড়ি থেকে বেরিয়ে কোচবিহার স্টেশনে পৌঁছান তাঁরা। স্টেশনেই রাত কাটিয়ে পরদিন সকালে মাথাভাঙা আসেন। সোমবার দুপুরে তাঁকে কান্তেশ্বর গড়ে নিয়ে যায় তাঁর প্রেমিক। এরপর প্রেমিক সিগারেট কেনার নাম করে বেরিয়ে যায়। দীর্ঘক্ষণ কেটে গেলেও প্রেমিক দোকান থেকে ফিরে আসেনি। এরপরেই স্থানীয় বাসিন্দাদের কাছে বাড়ির খোঁজ নিয়ে প্রেমিকের বাড়িতে ধর্নায় বসে তিনি। দীর্ঘসময় ধর্নায় বসার পর অবশেষে স্থানীয় মানুষ ও পঞ্চায়েতে তৎপরতায় দুজনের বিয়ের ব্যবস্থা করা হয়।"

শীতলকুচি থানার ওসি অ্যান্থনি হোড়ো জানান, ‘এমন একটি ঘটনার খবর তাঁদের কাছে এসেছে। তবে কোনও প্রকার লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। তাই আইনি পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি।" ঘটনায় নগর লালবাজার গ্রামের পঞ্চায়েত সদস্যা সুলতানা পারভিন খাতুন জানান, "দুই পরিবারকে সালিশি সভায় ডেকে বিয়ে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। দুই পরিবারের সম্মতিতে বিয়ের ব্যবস্থা করা হয়েছে।" দীর্ঘ বাধা বিপত্তির পর নিজের প্রেমকে ফিরে পেয়ে খুশি জনৈকা ওই তরুণী।