News Update: তৃণমুল প্রার্থীর কাছে পরাজিত হয়েছে নিশীথ! অবশেষে ভোটের পর মৎসমুখী করলেন রবীন্দ্রনাথ ঘোষ
ডেইলি লাইফ ২৪ নিউজ কোচবিহার ব্যুরো: ২০২৪ লোকসভা নির্বাচনে নিশীথ প্রামাণিককে না হারানো পর্যন্ত আমিষ খাবেন না বলে পণ করেছিলেন রবীন্দ্রনাথ ঘোষ। এরপর গত ৪ জুন লোকসভা নির্বাচনের ফল ঘোষণা হয়। আর তাতেই কোচবিহার লোকসভা আসনে তৃণমূল প্রার্থী জগদীশ বর্মা বসুনিয়া জয়লাভ করেন। তাই পণ অনুযায়ী অবশেষে মৎসমুখী করলেন কোচবিহার পুরসভার চেয়ারম্যান। রবিবার তৃণমূল আয়োজিত একটি সভামঞ্চে উদয়ন গুহ রবীন্দ্রনাথ ঘোষকে মাছ খাইয়ে দেন।
এদিনের এই সভা মঞ্চ থেকে লোকসভা নির্বাচনে তৃণমূলের খারাপ ফলের জন্য দলকেই দায়ী করেন উদয়ন। তিনি বলেন, "কোচবিহার লোকসভা কেন্দ্রে তৃণমূলের ফল খারাপ হওয়ার পেছনে দলের বিভীষণদের চিহ্নিত করতে হবে। বিভীষণ না থাকলে রাবন পরাজিত হত না।" এছাড়া এদিন তিনি একপ্রকার নাম না করে ঘুরিয়েই রবীন্দ্রনাথ ঘোষকে কটাক্ষও করে বলেন, "কোচবিহারের শহরগুলোতে খারাপ ফলাফলের কারণে চেয়ারম্যান দায় এড়াতে পারে না।"
অবশ্য অপরদিকে উদয়নের মন্তব্যে সায় দিয়েছেন জেলা তৃণমুল সভাপতি অভিজিৎ দে ভৌমিক। ফলে সমস্ত অঞ্চল, ব্লক ও জেলা স্তরের অন্যান্য নেতাদের কাছেও রিপোর্ট চাওয়া হয়েছে। তবে গোটা বিষয় নিয়ে রবীন্দ্রনাথ ঘোষ বলেন, "দলের ফল কেন শহরে খারাপ হল তা পর্যালোচনা করে দেখা হবে। অবশ্যই আসল বিষয় জানা যাবে।" এদিন রবীন্দ্রভবনে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন জেলার ১২টি ব্লকের জেলা নেতৃত্ব, ব্লক সভাপতি, অঞ্চল সভাপতি ও বাছাই করা বেশ কিছু নেতারা।