News Update: একাধিক অভিযোগ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে! ফলাফল ঘোষণা হতেই ঝুলল তালা পঞ্চায়েত দফতরে
ডেইলি লাইফ ২৪ নিউজ ভেটাগুড়ি ব্যুরো: শেষ লোকসভা নির্বাচনে পর থেকে ভেটাগুড়ি এলাকা বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গড় হিসেবে পরিচিত এই ভেটাগুড়ি এলাকা। তবে নিশীথ প্রামাণিক এবারের লোকসভা নির্বাচনে তৃণমুল প্রার্থীর কাছে পরাজিত হয়েছেন। আর তারপরেই বিজেপির দখলে থাকা ভেটাগুড়ি ১ নং ও ২ নং গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে তালা ঝুলিয়ে দিল তৃণমূল কংগ্রেস কর্মীরা।
নির্বাচনের ফলাফল ঘোষণা হতেই ওই দুই গ্রাম পঞ্চায়েত দফতরের অফিসে তালা ঝুলিয়ে দেওয়া হয়। তৃণমূল কংগ্রেসের নেতা ভেটাগুড়ি ২নং অঞ্চল সভাপতি সুনীল রায় সরকার জানান, "গত একবছর পঞ্চায়েত অফিসে ঢুকতে দেওয়া হয়নি তৃণমুল কংগ্রেস কর্মীদের। গ্রাম পঞ্চায়েতে উন্নয়নের নামে টাকা নয়ছয় হয়েছে প্রচুর পরিমাণে। পাশাপাশি ওই দুই গ্রাম পঞ্চায়েত দফতরে সরকারি রঙের বদলে করা হয়েছে গেরুয়া রঙ। তাই তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে ওই দুই দফতরে।"
এই বিষয়ে বিজেপির কোচবিহার জেলা সভাপতি সুকুমার রায় জানান, "ভোটের ফলাফলের পর এই ধরনের ঘটনা ঠিক নয়। কোনও বক্তব্য থাকলে তা সঠিক উপায়ে অভিযোগ করা যেতেই পারে। তবে, তালা ঝুলিয়ে এই ধরনের কর্মকাণ্ড একেবারেই উচিত নয়।" তবে এই বিষয় নিয়ে পঞ্চায়েতে প্রধান কোন প্রকার মন্তব্য প্রকাশ করতে চাননি।