Cooch Behar News: চিকিৎসক পড়ুয়া মৃত্যুতে নড়েচড়ে বসল স্বাস্থ্য দফতর! বড় সিদ্ধান্ত এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালকে নিয়ে

ডেইলি লাইফ ২৪ নিউজ কোচবিহার ব্যুরো: কলকাতার আরজি কর মেডিকেল কলেজে চিকিৎসক পড়ুয়ার মৃত্যুর ঘটনা। আর তারপরেই নড়েচড়ে বসল স্বাস্থ্য দফতর। কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতাল নিয়ে নেওয়া হল বড় কিছু সিদ্ধান্ত। মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সমস্ত ব্ল্যাক স্পট চিহ্নিত করা হয়েছে ইতিমধ্যেই। সেই ব্ল্যাক স্পট গুলিতে সিসিটিভি ক্যামেরা লাগানোর জন্য স্বাস্থ্য দফতর নতুন করে বরাদ্দ করা হল ৫ লক্ষ টাকা। নেওয়া হয়ে হয়েছে আরও বেশ কিছু সিন্ধান্ত।

মেডিক্যাল কলেজ সূত্রে জানতে পারা গিয়েছে, "পুরুষ ওয়ার্ডে মহিলাদের এবং মহিলা ওয়ার্ডে পুরুষদের কোনও ভাবেই প্রবেশ করা যাবে না। এছাড়া মেডিকেল কলেজ ও হাসপাতাল ক্যাম্পাসে ব্রেথ এনালাইজার টেস্ট করার জন্য পুলিশকে বলা হয়েছে। মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্মী সহ সকলকেই সেই পরীক্ষা করানো হবে। সন্ধের পর মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে অবৈধ পার্কিং একেবারেই বন্ধ করে দেওয়া হবে। মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে শুধুমাত্র কতৃপক্ষের দেওয়া নির্দিষ্ট স্টিকার লাগানো গাড়িই ভেতরে ঢুকতে পারবে।"

এছাড়া আরও জানতে পারা গিয়েছে, "হাসপাতালের ভেতরে থাকা পুলিশ ফাঁড়ি আরও শক্তিশালী করা হবে। এছাড়াও বাড়ানো হবে পুলিশি নজরদারি। পুরুষ ও মহিলাদের ডিউটি রুমকে চিহ্নিত করে সাইনেজ লাগানো হবে। সিনিয়রদের ফ্লোরে থেকেই ডিউটি করতে হবে সবসময়। সিসিটিভি ক্যামেরার ব্যবস্থাকে আরও জোরদার করা হচ্ছে। যাতে কোনোও জায়গা সিসিটিভি নজরদারি ছাড়া না থাকে।" ইতিমধ্যেই সেই মর্মে কাজ শুরু করা হয়েছে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে। দ্রুত সমস্ত বিষয়গুলিকে শুরু করা হবে মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে।