Tufanganj News: টোটো নিয়ে আবারোও একাধিক অভিযোগ! যা হচ্ছে তুফানগঞ্জ মহকুমা এলাকায়


ডেইলি লাইফ ২৪ নিউজ তুফানগঞ্জ ব্যুরো: জেলা জুড়ে বিভিন্ন এলাকা থেকে টোটো নিয়ে অন্তহীন অভিযোগ রয়েছে। কখনোও রাস্তা দিয়ে চলাচলের সময় নিয়ম না মানার অভিযোগ। আবারোও কখনোও অনিয়ন্ত্রিত ভাড়া নেওয়ার অভিযোগ। এবার সেই অভিযোগের তালিকায় নয়া সংযোজন যাত্রীদের পাশাপাশি বিপজ্জনক ভাবে পণ্য পরিবহন। তুফানগঞ্জ শহরে চোখে পড়ে অলিগলি থেকে শুরু করে ব্যস্ত রাস্তায় প্রতিনিয়ত চলছে মালবোঝাই টোটো।
ভিড় রাস্তার মধ্য দিয়ে টিন, বাঁশ, কাঠের সামগ্রীর মতো বাড়ি তৈরির সরঞ্জাম নিয়েও টোটো চলাচল করছে। এভাবেই এদিক-ওদিক দাপিয়ে বেড়াচ্ছে টোটো চালকেরা। শহরের একশ্রেণির টোটোচালকের এমন অবৈধভাবে পণ্য পরিবহণের কারণেই বাড়ছে দুর্ঘটনা সম্ভবনা। পাশাপাশি, রুটিরুজিতে টান পড়ছে ঠ্যালা ও ভ্যান চালকদের। 
তুফানগঞ্জ-ভাটিবাড়ি রাজ্য সড়ক, লম্বাপাড়া রোড, মদনমোহন বাড়ি রোডে দীর্ঘদিন ধরে এই সমস্যা রয়েছে। যদিও এই বিষয় নিয়ে মহকুমা পুলিশ সম্পূর্ণ উদাসীন এমনটাই দাবি শহরবাসীর একাংশের। তবে এই ব্যাপারে তুফানগঞ্জ থানার ট্রাফিক ওসি মোস্তা হক জানান, "তাঁরা প্রতিনিয়ত টোটো চালকদের সচেতন করছেন। তারপরও যাঁরা অবৈধভাবে পণ্য বোঝাই করে যাতায়াত করছেন তাঁদের আটক করে জরিমানাও করা হচ্ছে।"

এই বিষয়টি নিয়ে টোটোচালকদের একাংশের বক্তব্য, "দৈনিক টোটোর সংখ্যা বাড়লেও যাত্রী বাড়ছে না। ফলে, পণ্য পরিবহণের মাধ্যমে ঘাটতি মেটাতে হচ্ছে।" তবে এই বিষয়টিকে ভালোভাবে নিচ্ছেন না ভ্যান ও ঠ্যালাচালকরা। তাঁদের দাবি এই দুই পেশা বাঁচাতে সরকারি উদ্যোগ জরুরি। তবে এই গোটা বিষয়টি নিয়ে তুফানগঞ্জ মহকুমা টোটো ইউনিয়নের সভাপতি নবীনুর হোসেন জানান, "কারও রুজিতে যাতে টান না পড়ে সেটা দেখাও আমাদের কর্তব্য। সেজন্য দু’পক্ষকে নিয়ে খুব তাড়াতাড়ি আলোচনায় বসা হবে।" তবে দ্রুত এই সমস্যা সমাধান না করা হলে এই সমস্যা অদূর ভবিষ্যতে আরও বৃহত্তর আকার ধারণ করবে।