Bangla News: শোবার ঘরের ওপর আচমকা বিকট আওয়াজ! তারপর যা ঘটল আতঙ্কিত গোটা পরিবার
ডেইলি লাইফ ২৪ নিউজ মাথাভাঙা ব্যুরো: আচমকাই বাড়ির ওপর ভেঙে পড়ল বিশাল গাছ। কোনোও মতন রক্ষা পেলেন বাড়ির ভেতরে থাকা মানুষেরা। এদিন রাতে আচমকাই কিছুটা ঝোড়ো হাওয়া বইতে শুরু করে কোচবিহারের বিভিন্ন এলাকায়। মাথাভাঙা মহকুমা এলাকায় এই হাওয়ার দাপট ছিল বেশ কিছুটা বেশি। ফলে মাথাভাঙা পুর এলাকার ৪নং ওয়ার্ডের এলাকায় ভেঙে পড়ে একটি বড় গাছ। গাছটির ভেঙে পড়ার ফলে একটি বাড়ি বেশ কিছুটা ক্ষতিগ্রস্থ হয়। তবে কোনোও ক্রমে রক্ষাপান বাড়ির ভেতরে থাকা মানুষেরা।
বাড়ির মালিক তাপস সূত্রধর জানান, "এদিন রাতে বেশ কিছুটা ঝোড়ো হাওয়া শুরু হয়। তখন আচমকাই বাড়ির পাশে থাকা একটি বড় গাছ ভেঙে পড়ে বাড়ির টিনের চালের ওপর। সেই মুহূর্তে ঘরের ভেতর বিছানায় শুয়ে ছিল তাঁর ছেলে। গাছ ভেঙে পড়তেই মুহূর্তে ঘরের টিনের চাল ক্ষতিগ্রস্থ হয়। ঘরের দেওয়ালের ওপরের কিছু ইট ও দেওয়ালের প্লাস্টার ভেঙে পড়ে বিছানার পাশে থাকা টেবিলের ওপর। যদিও এই ঘটনায় তাঁর ছেলের কোনোও ক্ষতি হয়নি। তবে আচমকাই এই ঘটনা ঘটার কারণে আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের সকলে।"
এই ঘটনার খবর পেয়ে রাতেই পরিবারের সদস্যদের কাছে ছুটে যান ৪ নং ওয়ার্ড কাউন্সিলর মাধবী চৌধুরী ও তাঁর স্বামী অভিজিৎ চৌধুরী। তাঁরা দু'জনেই পরিবারের সঙ্গে কথা বলেন গোটা বিষয়টি নিয়ে। মাধবী চৌধুরী জানান, "পরিবারের কোনোও মানুষের ক্ষতি হয়নি। তবে ঘরের কিছু টিন ও ঘরের দেওয়ালের কিছুটা ক্ষতি হয়েছে। গাছটি পুরোনো হওয়ার কারণে গোড়া পচে গিয়েছিল। তাই এদিন রাতের ঝোড়ো হাওয়া শুরু হতেই গাছটি ভেঙে পড়ে ওই বাড়ির ওপর। সকালে গাছটি সরিয়ে ফেলার দ্রুত ব্যবস্থা করা হবে।" তবে কোনোও বড় ক্ষতি না হওয়ার কারণে অনেকটা স্বস্তি পেয়েছেন পরিবারের লোকেরা।