Bangla News: মাটির কারবারিদের দৌরাত্ম্য! যা ঘটল তুফানগঞ্জে! ক্ষোভে ফুঁসছে মানুষ

ডেইলি লাইফ ২৪ নিউজ তুফানগঞ্জ ব্যুরো: ক্রমাগত মাটি কারবারিদের দৌরাত্ম্যে অতিষ্ট হয়ে উঠেছে বহু এলাকার মানুষ। ট্রাক্টর দিয়ে মাটি আনা নেওয়ার এই ঘটনায় রাস্তা নষ্টের অভিযোগ নতুন নয়। তবে এবার নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর-ট্রলি উল্টে গিয়ে ঘটে গেল মারাত্মক ঘটনা। আর এই ঘটনায় এক নাবালকের মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল তুফানগঞ্জে। ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ ১নং ব্লকের নাককাটি গছ গ্রাম পঞ্চায়েতের দ্বিপোরপাড় বটতলা এলাকায়। ঘটনার পর তুফানগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, "দুর্ঘটনা ঘটার সময় ওই ট্রাক্টরের ট্রলিতে ছিলেন তিনজন। তাঁদের মধ্যে একজন নাককাঠি গাছ গ্রাম পঞ্চায়েতের শ্রীলঙ্কা এলাকার জয় বর্মন। তাঁর বয়স ১৫ বছর। ওই ট্রাক্টরের ট্রলি উল্টে যাওয়ার ঘটনা ঘটার সময় ট্রলিতে থাকা দু'জন পালাতে সক্ষম হয়। তবে বর্মন সেখান থেকে আর বের হতে পারেনি। মুহূর্তে তাঁর মাথার উপরে গিয়ে পড়ে ওই ট্রাক্টরের ট্রলি। ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে মৃত্যু হয় জয় বর্মনের। এই ঘটনার খবর পাওয়ার পর তুফানগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর মৃতদেহ উদ্ধার করে।"

পুলিশ সূত্রে জানতে পারা যায়, "ঘটনার খবর পাওয়া মাত্রই তুফানগঞ্জ থানার পুলিশ পৌঁছে যায় ঘটনাস্থলে। পুলিশ গিয়ে সেই নাবালকের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে পুলিশের পক্ষ থেকে।" তবে এই ঘটনার পর স্থানীয় মানুষেরা প্রশ্ন তুলতে শুরু করেন। এলাকায় বেআইনি ভাবে মাটির কারবার হলেও প্রশাসন কোনও পদক্ষেপ নিচ্ছে না। এমনকি ভূমি ও ভূমি রাজস্ব দফতরের পক্ষ থেকে সেখানে কোনও ধরনের অভিযান চালানো হয় না। তবে এই বিষয় নিয়ে সংশ্লিষ্ট দফতরের আধিকারিকদের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।