Bangla News: ভারতে প্রবেশ করে ভারতের নামে কুকথা! সীমান্ত এলাকায় বাংলাদেশী নাগরিকের সঙ্গে যা ঘটল
ডেইলি লাইফ ২৪ নিউজ মেখলিগঞ্জ ব্যুরো: নিজের দেশের শিক্ষা পদ্ধতিতে ভরসা নেই। সেজন্যই ছেলের পড়াশোনার জন্য প্রতিবেশী দেশ ভারতে পাঠিয়েছিলেন বাংলাদেশের এক নাগরিক। পরীক্ষা শেষের পর ছেলেকে বাড়ি নিয়ে যেতে ভারত-বাংলাদেশের কোচবিহার সীমান্ত দিয়ে প্রবেশ করেছিলেন ভারতে। ভারতে ঢুকেই তিনি শুরু করেন ভারত-বিরোধী মন্তব্য করা। আর এই ঘটনার জেরেই আটক করা হয় জনৈক ওই বাংলাদেশী নাগরিককে। মঙ্গলবার এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় চ্যাংড়াবান্ধা ইমিগ্রেশন চেক পোস্ট এলাকায়।
স্থানীয় সূত্রে জানতে পারা গিয়েছে, "ঘটনার সূত্রপাত মঙ্গলবার চ্যাংড়াবান্ধা ইমিগ্রেশন চেক পোস্ট এলাকায়। বাংলাদেশের বাসিন্দা মহম্মদ আজাদুর রহমান। তাঁর ছেলে পড়াশোনা করে ভারতে। তাঁর পরীক্ষা শেষ হয়ে যাওয়ায় ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য ভারতে এসেছিলেন আজাদুর রহমান। তবে এদেশে প্রবেশের পর আজাদুর রহমান গাড়ি নিয়ে সমস্যায় পড়েন। তখনই তিনি মেজাজ হারিয়ে ভারতের উদ্দেশে অশ্রাব্য মন্তব্য করতে থাকেন। ঘটনায় স্থানীয়রা ওই বাংলাদেশি নাগরিককে আটকে রেখে পুলিশকে খবর দেন। এরপর স্থানীয় গাড়ি ও টোটো চালকদের অভিযোগের ভিত্তিতে পুলিশ জনৈক ওই বাংলাদেশী ব্যক্তিকে গ্রেফতার করে।"
চ্যাংড়াবান্ধা জিরো পয়েন্ট ট্যাক্সি চালকরা জানান, "আজাদুর রহমান এক ট্যাক্সি চালককে কটূ কথা বলেন। এছাড়া ভারত নিয়ে কুমন্তব্য করেন। এতেই কার্যত খেপে ওঠেন সেখানকার বাকি চালকরা। ওই বাংলাদেশি নাগরিককে সেখানেই কার্যত আটকে রেখে খবর দেওয়া পুলিশকে এবং প্রশাসনিক আধিকারিকদের।" মেখলিগঞ্জ পুলিশ সূত্রে জানতে পারা গিয়েছে, "ঘটনার খবর পেয়ে মেখলিগঞ্জ থানার পুলিশ স্ট্যান্ডে গিয়ে আজাদুর রহমানকে গ্রেফতার করে। নিয়ে যাওয়া হয় থানার লক আপে।"
ভারতে এসে ভারতেরই নিন্দা করার মতো গুরুতর অভিযোগ আজাদুর রহমানের বিরুদ্ধে। এই ঘটনার পর পরিস্থিতির গুরুত্ব বুঝে প্রশাসনের তরফে তাঁর ভারতীয় পাসপোর্ট বাতিল করে প্রশাসন। গত বছর বাংলাদেশের অরাজক পরিস্থিতির পর থেকে ভারতের সঙ্গে সম্পর্কের খানিকটা অবনতি ঘটে। দু’পারের বাসিন্দাদের মধ্যে যাতায়াতও খানিকটা কমে যায়। এদিন ভারতে প্রবেশ করে ভারতকেই গালিগালাজ করার মতো অভিযোগে সীমান্ত এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।