Wild Animal: সকাল থেকেই ভুট্টা ক্ষেতে দাপিয়ে বেড়াল বন্যপ্রাণ! আতঙ্কিত বিস্তীর্ণ এলাকার মানুষ
ডেইলি লাইফ ২৪ নিউজ নিশিগঞ্জ ব্যুরো: এদিন আচমকাই আবারোও এলাকায় প্রবেশ করল বন্যপ্রাণ। ঘটনায় রীতিমত আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়। বুধবার সকাল থেকেই বাইসনটি দাপিয়ে বেড়ায় কোচবিহার ১ নং ব্লকের বিভিন্ন এলাকায়। বন্যপ্রাণীর লোকালয়ে প্রবেশের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কোতোয়ালি থানার পুলিশ। এছাড়াও এলাকায় পৌঁছান বন দফতরের কর্মীরা।
স্থানীয় সূত্রে জানতে পারা গিয়েছে, "সকাল থেকে মোয়ামারি, বাঘমারা, গিরিয়ারকুঠি সহ বিভিন্ন এলাকায় তাণ্ডব বাইসনটিকে কেন্দ্র করে আতঙ্ক ছড়ায় স্থানীয় মানুষদের মধ্যে। বাইসনটি লোকালয়ে প্রবেশের পর ঘন ভুট্টাখেতে বারবার লুকিয়ে পড়তে শুরু করে। এরফলে বাইসনটিকে কাবু করতে বেশ কিছুটা বেগ পেতে হয় বন দফতরের কর্মীদের। যদিও পড়ে ঘুম পাড়ানি গুলি করে কাবু করা হয় বৈশনটিকে।"
বন দফতরের সূত্রে জানতে পারা গিয়েছে, " ফলিমারি গ্রাম পঞ্চায়েতের গিরিয়ারকুঠি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ভুট্টা এলাকায় আশ্রয় নেয় বাইসনটি। এরপর সেই ভুট্টা খেতেই ঘুমপাড়ানি গুলি করে কাবু করা হয় বাইসনটিকে। পরে সেটিকে পাতলাখাওয়া বনাঞ্চলে নিয়ে যাওয়া হয়। বাইসনটির প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করার পর নিকটবর্তী কোনোও জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।"
যদিও জেলার বিভিন্ন এলাকায় পরপর বাইসনের আগমনে আতঙ্কিত সাধারণ মানুষ। জেলার মানুষেরা দ্রুত বন দফতরের কড়া নজরদারির দাবি জানাচ্ছেন। বন দফতরের আধিকারিকরা ইতিমধ্যেই বন্যপ্রাণীর লোকালয়ে আগমন রুখতে নজরদারি শুরু করেছেন।