Baby Birth: আচমকাই তীব্র প্রসব যন্ত্রণা! যাত্রীর ফুটফুটে সন্তান জন্ম নিল রেল কামরায়
ডেইলি লাইফ ২৪ নিউজ আলিপুরদুয়ার ব্যুরো: ট্রেনের কামড়াতেই জন্ম নিল এক ফুটফুটে শিশু। আর এই ঘটনায় খুশির হাওয়া রেল যাত্রীসহ শিশুর পরিবারের সকল সদস্যদের মধ্যে। গতকাল নিউ আলিপুরদুয়ার রেল স্টেশনে জরুরি অবস্থায় এক গর্ভবতী মায়ের প্রসব সম্পন্ন করা হয়। তিস্তা তোর্সা এক্সপ্রেস রেলের কামড়াতেই হয় এই প্রসব।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, "এক যাত্রী পরিবারের সদস্যদের নিয়ে গৌহাটি থেকে বিহারের ভাগলপুরে ফিরছিলেন। গুয়াহাটি-মালদা এক্সপ্রেস ট্রেনে যাত্রা করছিলেন তাঁরা। ট্রেন চলাকালীন সময় আচমকাই শুরু হয় নেহা দেবীর প্রসব যন্ত্রণা। এতেই নিউ আলিপুরদুয়ার স্টেশনেই ট্রেন থেকে নেমে যেতে হয় যাত্রী ও তাঁর পরিবারকে। গর্ভবতী মায়ের এই পরিস্থিতি দেখে আশেপাশে যাত্রীরা খবর দেন আরপিএফ এর মহিলা কর্মীদের। খবর পাওয়া মাত্রই সেখানে ছুটে আসেন আরপিএফের হেড কনস্টেবল স্বপ্না দাস।
এরপর সেখানে ছুটে আসেন আরপিএফ এবং জিআরপি কর্মীরা। রেলের পক্ষ থেকে তৎক্ষণাৎ চিকিৎসক দলকে খবর দেওয়া হয়। তারপর কিন্তু ওখানে দাঁড়িয়ে থাকা তিস্তা তোর্সা এক্সপ্রেস এর একটি ফাঁকা কামড়াতেই প্রসবের ব্যবস্থা করে আরপিএফ কর্মীরা। চিকিৎসক দল আসার আগেই নিরাপদে জন্ম নেয় এক ফুটফুটে পুত্র সন্তান। এরপর রেলের মেডিকেল অফিসার ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় সহায়তা করেন। সবশেষে মা ও নবজাতক শিশুকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভর্তি করানো হয়।"
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, "বর্তমানে মা ও শিশু দুজনেই সুস্থ রয়েছে। তবে দু'জনেই বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে।" রেল কর্তৃপক্ষ এবং ঘটনাস্থলে উপস্থিত সাধারণ যাত্রীদের দ্রুত পদক্ষেপ এবং মানবিকতার প্রশংসা করছে সকলেই। এই ঘটনার ফলে এদিন প্রায় ১ ঘন্টা ২১ মিনিট দেরিতে ছাড়ে তিস্তা তোর্সা এক্সপ্রেস।